রাজ্যস্তরের প্রতিযোগীতায় আকাশের পদকের আশা দেখছেন শিক্ষকেরা
আমার কথা, পান্ডবেশ্বর, ২৬ ফেব্রুয়ারীঃ
প্রাথমিক বিদ্যালয় গুলির রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতা এবার হচ্ছে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে। শুক্র ও শনিবার হবে চূড়ান্ত পর্যায়ের খেলা গুলি। ১৭ টি বিভাগে জেলা থেকে অংশ নিচ্ছে ৩৪ জন প্রতিযোগী। এর মধ্যে হাই জাম্প বিভাগে পশ্চিম বর্ধমানের হয়ে খেলাতে নামবে পাণ্ডবেশ্বরের কেন্দ্রা বেলেঠোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র আকাশ মুর্মু (১১)। তার পদক জয়ের আশা করছেন বিদ্যালয়ের শিক্ষকেরা। স্কুল সূত্রে জানা যাই এর আগে পাণ্ডবেশ্বর সার্কেল, মহকুমা, জেলাস্তরের চূড়ান্ত খেলায় হাই জাম্প বিভাগে প্রথম হয়েছে আকাশ। পাঁচ ফুটের বেশি হাই জাম্প অনাসে দিতে পারে সে। স্কুলের সহ শিক্ষক অর্ধেন্দু পাল জানান স্কুলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আকাশ প্রথম নজরে পরে। তার প্রতিভা দেখে পরবর্তী ধাপ গুলিতে স্কুলের পক্ষ থেকে আকাশকে প্রতিযোগী হিসাবে পাঠানো হয়। প্রতিটি স্তরেই সে প্রথম হয়েছে। কেবল অপারেটর কর্মীর ছেলে আকাশ। পড়াশোনার পাশাপাশি হাইজাম্পে তার বিশেষ আগ্রহ রয়েছে বাড়ির কাছাকাছি রয়েছে অজয় নদী। নদীর পাড়ে বালির উপর আকাশ হাই জাম্প অনুশীলন করে রোজ একা একা। প্রশিক্ষণ পেলে আকাশ হাই জাম্পে অনেকদূর পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন অর্ধেন্দু বাবু। তবে শুধু স্কুলের শিক্ষকরাই নয়, আকাশ পদক জিতুক এটাই প্রার্থনা পশ্চিম বর্ধমান জেলাবাসীর। আকাশ কি সেই প্রত্যাশা পূরণ করতে পারবে এখন সেটাই দেখার।



