সম কাজে সম বেতনের দাবিতে দুর্গাপুর নগর নিগমের সামিনে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ১৬ সেপ্টেম্বর:
সোমবার দুপুরে বৃষ্টির মধ্যেই দাবি আদায়ের লড়াইয়ে রাস্তায় নামলেন দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মীরা। গান্ধী মোড় সার্কাস ময়দান থেকে শুরু হয়ে সিটি সেন্টারে অবস্থিত দুর্গাপুর নগর নিগম কার্যালয় পর্যন্ত একটি বিশাল পদযাত্রা হয়। কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসির অধীনস্থ দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মী ইউনিয়নের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শতাধিক সাফাই কর্মী। বৃষ্টিকে উপেক্ষা করে তাঁরা স্লোগান দিতে দিতে এগিয়ে যান এবং নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের কাছে নিজেদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ও বকেয়া সমস্যার কথা তুলে ধরেন। পদযাত্রার নেতৃত্ব দেন আইএনটিইউসির জেলা সভাপতি সুভাষ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন
হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়নের জয়েন্ট কনভেনর রজত দীক্ষিত, আলোয় স্টীল ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি মণিলাল সিনহা, এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের সহ সভাপতি স্বপন কুণ্ডু,সাধারণ সম্পাদক লক্ষণ রায়, সম্পাদক কানায় বসাক, উজ্জ্বল রুইদাস, পরিমল রুইদাস, দুর্গাপুর সাব ডিভিশন হাসপাতাল ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক, শশীকান্ত বাউরি, রাজা বাউরি সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
কর্মীদের অভিযোগ, বহুদিন ধরে তাঁদের ন্যায্য দাবি মেটানো হয়নি। তাই এই শান্তিপূর্ণ মিছিল ও স্মারকলিপি পেশের মধ্য দিয়ে দ্রুত সমাধানের জন্য প্রশাসনের কাছে জোরাল আবেদন জানানো হয়েছে।



