যৌথ সংগ্রামী মঞ্চের ধর্মঘট ঘিরে এসআই অফিসে উত্তেজনা..
আমার কথা, ১৩ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
যৌথ সংগ্রামী মঞ্চের ধর্মঘট ঘিরে দুর্গাপুরে স্কুল ইন্সপেক্টরের অফিসে উত্তেজনার। বিজেপি নেতা তথা যৌথ সংগ্রামী মঞ্চের সরকারি কর্মচারী বুদ্ধদেব মন্ডলের নেতৃত্বে একদল সরকারি কর্মচারী দুর্গাপুরের পলাশডিহায় এসআই অফিসে ঢুকে বিক্ষোভ দেখান। তারপরেই স্কুল ইন্সপেক্টর এর রুমে ঢুকে যাই তারা। ঘটনাকে ঘিরে অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, ধর্মঘটের দিন স্কুল ইন্সপেক্টর সৌরভ মন্ডল কেন অফিসে এসেছিলেন, সেই বিষয়কে কেন্দ্র করেই মূলত এই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, ধর্মঘটের দিনে সকাল সাড়ে নটার সময় অফিসে উপস্থিত হন স্কুল ইন্সপেক্টর সৌরভ মন্ডল। এই বিষয়টি নিয়ে বুদ্ধদেব মন্ডল ও তাঁর সঙ্গে থাকা সরকারি কর্মচারীরা প্রশ্ন তোলেন। বুদ্ধদেব মন্ডল অভিযোগ করেন, ধর্মঘট চলাকালীন সময়ে কেন তিনি অফিসে এসেছেন, তা নিয়ে তাঁর কাছে জবাব চাওয়া হয়। সেই সময় দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পাল্টা জবাবে স্কুল ইন্সপেক্টর সৌরভ মন্ডল জানান, তিনি প্রতিদিনই নির্দিষ্ট সময়ে অফিসে আসেন এবং সেদিনও তার ব্যতিক্রম হয়নি। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বুদ্ধদেব মন্ডল ও উপস্থিত অন্যান্য সরকারি কর্মচারীরা অভিযোগ করেন, এর আগেও স্কুল ইন্সপেক্টর তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। সেই অভিযোগ ঘিরেই দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক আরও বাড়তে থাকে। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য পলাশডিহা এসআই অফিসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তবে এই ঘটনাকে ঘিরে সরকারি দপ্তরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বুদ্ধদেব মন্ডল বলেন,”বর্তমানে যিনি এসআই রয়েছেন তিনি অত্যন্ত দুরব্যবহার করেন আমাদের সাথে। অন্যদিন সময় অফিস আসেন না কিন্তু ধর্মঘটের দিন সকাল থেকে অফিস চলে এসেছেন। আমরা প্রতিবাদ করছি সব অফিসে অফিসে এইখানেও প্রতিবাদ করেছিলাম কিন্তু উনি এদিনও আমাদের সাথে খারাপ ব্যবহার করেছেন।” যদিও এ বিষয়ে সেই ভাবে কিছু বলতে চাননি স্কুল ইন্সপেক্টর সৌরভ মন্ডল। কটাক্ষ করে পাল্টা জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”উত্তর প্রদেশ মডেল চাইছে ওরা। সেই জন্যই সরকারি অফিসে ঢুকে সরকারি কর্মচারীদের ভয় দেখাচ্ছে। হুমকি দিচ্ছে। আমরা এর বিরুদ্ধে সোচ্চার হব।”



