থানায় ডেপুটেশন ঘিরে উত্তেজনা, পুলিশের সাথে ধস্তাধস্তি আদিবাসীদের
আমার কথা, কাঁকসা, ২৮ জুনঃ
একগুচ্ছ দাবিকে সামনে রেখে কাঁকসা থানায় শনিবার ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং কাঁকসা থানার মূল গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।ঘটনাকে ঘিরে শনিবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কাঁকসা থানা চত্বরে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স,কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল, কাঁকসার আইসি,প্রসূন খাঁ সহ, বুদবুদ, এবং দুর্গাপুর থানার পুলিশ সহ বিভিন্ন থানার আধিকারিকরা।
ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যদের অভিযোগ,আদিবাসীদের মধ্যে কিছু লোক তাদের সংগঠন ও পতাকা ব্যবহার করে চলেছে।তাদের চিহ্নের প্যাড ও পতাকা ব্যবহার করে নানান জায়গায় আন্দোলন করার পাশাপাশি তারা আদিবাসীদের ভুল পথে চালিত করছে।এর প্রতিবাদে তারা বহুবার প্রশাসনকে জানিয়েছিলেন।কিন্তু কাজের কাজ কিছুই হয় নি।তাই বাধ্য হয়েই তারা এবার থানা ঘেরাও কর্মসূচি নিয়েছেন।যারা তাদের প্রতীক চিন্হ ও পতাকা এবং প্যাড ব্যবহার করে আদিবাসীদের ভুল পথে পরিচালিত করছে।তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।এদিন তির ধনুক সহ নানান অস্ত্র হাতে কাঁকসার মিনি বাজার থেকে কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষ মিছিল করে এসে কাঁকসা থানার ভিতরে প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়।এর পরেই পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ব্যারিকেড ও লোহার মূল গেট ভাঙার চেষ্টা করলে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।পুলিশের ব্যারিকেড ভেঙে থানার ভিতরে প্রবেশ করার দাবি করেন বিক্ষোভকারীরা। কয়েক ঘন্টা কাঁকসা থানার গেটে বিক্ষোভ দেখানোর পর অবশেষে আদিবাসী মহিলাদের কাঁকসা থানার ভিতরে প্রবেশ করানো হয়।পরে কাঁকসা থানায় একটি ডেপুটেশন জমা দেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা।এদিন দীর্ঘক্ষণ কাঁকসা থানায় কাঁকসার এসিপি ও আইসির সাথে আলোচনা করার পর কাঁকসা থানার পক্ষ তাদের আস্বাস দেওয়া হলে বিক্ষোভ উঠিয়ে নেন বিক্ষোভকারীরা।
কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানিয়েছেন,আদিবাসীদের একটি দল গত ১৭ তারিখে কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরে একটি ডেপুটেশন দেয়।সেই ডেপুটেশনে ভারত জাকাত মাঝি পারগানা মহলের লোগো ও পতাকা এই সমস্ত ব্যবহার করেছে বলে এদিনের বিক্ষোভকারীরা অভিযোগ করে।তারা দাবি করেছে এই আদিবাসী সংগঠন টি বহু পুরানো।কিছু অসাধু মানুষ তাদের সংগঠনের সিম্বল ব্যবহার করছে।এই বিষয়ে তারা উচ্চ আদালতেও গিয়েছিল।সেখানে তাদের গাইডলাইন মেনে নথি জমা দেওয়ার কথা বলা হয়েছিল।সেটা তারা করছে।এরই মধ্যে ১৭তারিখের ডেপুটেশন নিয়ে তারা ক্ষুব্ধ।এই ঘটনা যাতে আর মা হয়।সেই দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।
যদিও এদিন ডেপুটেশন শেষে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন।ফের যদি এই ধরণের কাজ হয় তবে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।



