BREAKING! বিজেপির রোড শো ঘিরে উত্তেজনা, ভাঙচুর বাইক, লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
আমার কথা, ২১ এপ্রিল
সনাতন গরাই, দুর্গাপুর:
বিজেপির রোড শো ঘিরে উত্তেজনা।হাতাহাতি।ভাঙচুর একাধিক বাইক। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলে সরব তৃণমূল। মিছিলে তৃণমূলের বিরুদ্ধে ঢিল ছোড়ার পাল্টা অভিযোগ বিজেপির। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার শেষ লগ্নে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইস্পাত নগরীর জে সি বোস এলাকা হয়ে রোড শো যাচ্ছিল। সেই দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকে এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে বিজেপি। শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা। মুহূর্তের মধ্যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। সেই রোড শোতে ছিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এই গন্ডগোল ঘিরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। একাধিক বাইকে চলে ভাঙচুর।পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকার তৃণমূল নেতা সৌগত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,”বিজেপি যখন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল তখন আমাদের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকে। সেই নিয়ে গন্ডগোল বাঁধে। তখনই কেন্দ্রীয় বাহিনী আমাদের কর্মীদের উপর মারধর করে।” পাল্টা দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,”আমাদের রোড শো যখন যাচ্ছিল তখন এলাকা তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলর ধৃতি বন্দ্যোপাধ্যায় জ্বালানের স্বামী সৌগত বন্দ্যোপাধ্যায় ও এলাকার বেশ কিছু তৃণমূলের নেতা আমাদের লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকে। শান্ত রোড শোকে অশান্ত করে। আমরা পুলিশের কাছে অভিযোগ জানাবো। কোন ব্যবস্থা নেওয়া না হলে আমরা প্রতিবাদের সামিল হব।”



