প্রার্থী ভূমিপুত্র, তাই রাণীগঞ্জ কেন্দ্রে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল
আমার কথা, ১৮ মার্চ
সার্থক কুমার দে, রানীগঞ্জ:
রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী করেছে দলের প্রবীণ নেতা তথা অন্ডালের ব্লক সভাপতি কালবরন মন্ডলকে । রানীগঞ্জ কেন্দ্রে প্রথমবার কোন ভূমিপুত্র কে প্রার্থী হিসেবে পেল তৃণমূল । তাই এই কেন্দ্রটি থেকে এবার জেতার ব্যাপারে আশাবাদী তৃণমূল কর্মী সমর্থকরা ।
রানীগঞ্জ শহরের ১১ টি ওয়ার্ড ও অন্ডাল ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে রানীগঞ্জ বিধানসভা । ২০১১ সালে এই কেন্দ্রে প্রথমবার ফোটে জোড়া ফুল । সেবার সিপিএম প্রার্থীকে হারিয়ে বিধায়ক নির্বাচিত হন তৃণমূলের সোহারব আলী । ২০১৬ সালে এই কেন্দ্রে পরাজিত হয় তৃণমূল । জয়ী হোন সিপিআইএমের রুনু দত্ত । আবার ২০২১ সালে কেন্দ্রটি পুনর্দখল করে ত
শাসক দল তৃণমূল । জয়ী হোন তাপস বন্দ্যোপাধ্যায় । তবে এবার নির্বাচনে তৃণমূল তাপস বাবুর কেন্দ্র পরিবর্তন করেছে । তাকে পাঠানো হয়েছে তার পুরনো কেন্দ্র আসানসোল দক্ষিণে । পরিবর্তে রানীগঞ্জে প্রার্থী করা হয়েছে কালোবরণ মন্ডলকে । দলের জন্মলগ্ন থেকে তৃণমূলের সাথে যুক্ত রয়েছেন কালোবরণ বাবু । তিনি অন্ডালের বাসিন্দা । ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত অন্ডালের ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন তিনি । মাঝে কিছু সময় বাদ দিয়ে ২০২০ সাল থেকে এখনো তিনি ব্লক সভাপতির পদে রয়েছেন । ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি দায়িত্ব সামলেছেন । এছাড়াও ২০১৮ সালে তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং বর্তমানে তিনি জেলা পরিষদের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন । রানীগঞ্জ বিধানসভা এলাকায় দলের সর্বস্তরে তিনি পরিচিত । প্রার্থী হিসেবে কালোবরণ বাবুর এটা প্লাস পয়েন্ট । প্রথমবার প্রার্থী হলেন কিরকম অনুভূতি লাগছে ? এই বিষয়ে কালোবরণ বাবু বলেন দল যখন যা দায়িত্ব দিয়েছে তা পালন করেছি । দল যোগ্য মনে করেছে তাই আমাকে প্রার্থী করেছে । এজন্য আমি দলের পাশাপাশি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ । জেতার ব্যাপারে কতটা আশাবাদী প্রশ্নের উত্তরে কালোবরণ বাবু বলেন জিতবো বলেই প্রার্থী হয়েছি । অন্য কোন ভাবনা নেই । জয়ের ব্যাপারে একশ শতাংশ নিশ্চিত বলে দাবি করেন তিনি ।
উল্লেখ্য, এই কেন্দ্রে তৃণমূল যেমন কালোবরণ বাবুকে প্রার্থী করেছে । তেমনি বামজোট প্রার্থী করেছে নারায়ণ বাউড়ী কে । তবে এই কেন্দ্রটিতে এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি দল ।



