দুর্গাপুরের ট্রাঙ্ক রোডে মধ্য রাতে চলল গুলি, ব্যাপক উত্তেজনা
আমার কথা, দুর্গাপুর, ৩ মেঃ

বিজেপি কর্মীর উপর বোমাবাব্জির পর এবার অপর এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়ালো দুর্গাপুর শহরে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইস্পাত নগরীর ট্রাঙ্ক রোডের কাছে। অভিযোগের আঙ্গুল উঠছে তৃণমূলের এক নেতার দিকে। অভিযগ অস্বীকার করা হয়েছে শাসকদলের পক্ষ থেকে।
১৩ই মে পশ্চিম বর্ধমান জেলায় ভোট। দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উথছে শিল্পাঞ্চল দুর্গাপুর। কখনও তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, আবার কখনও বোমাবাব্জির ঘটনা ঘটছে। এই অবস্থায় একে অপরের দিকে অভিযোগের আঙ্গুল তুলছে শাসক বিরোধীরা।
দুর্গাপুরে বিজেপির এক নম্বর মন্ডলের সহ সভাপতি অতুল বাগদির অভিযোগ, রাত দুটো আড়াইটে নাগাদ তিনি জানতে পারেন ভোলা পাসওয়ান নামে এক তৃনমূল নেতা ট্রাঙ্ক রোড এলাকায় এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। খবর পেয়ে তিনি সেখানে পৌঁছোলে ভোলা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অপের জন্য বেঁচে যান অতুল। এরই মধ্যে এই বিজেপি নেতা নিজের ফেসবুক প্রোফাইলে পুরো ঘটনা আপলোড করে দেয়, যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে। ছুটে আসে এজোন ফাঁড়ির পুলিশ। সামনের একটি দোকানের সিসি টিভি ফুটেজ দেখে পুলিশ তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এই ঘটনার প্রতিবাদে আর সন্ত্রাস মুক্ত ভোট করার দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদ কর্মসূচিতে নামেন বিজেপি কর্মীরা, শুরু করে স্লোগান।
দিন কয়েক আগে দুর্গাপুর ইস্পাত নগরীর এজোনের কনিষ্ক সাউথ রোডের কাছে অভিষেক রায় নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা, অভিষেক তৃণমূলের নমঃশুদ্র ও উদ্বাস্তু সেলের জেলা সভাপতি ছিলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরের দিন রাতেই অভিষেক রায়ের বাড়িতে বোমাবাজি হয়, অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিষেক রায় ও তার পরিবার। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বিজেপির এক নম্বর মন্ডলের সহ সভাপতি অতুল বাগদিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
এই ঘটনার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখার্জি বলেন, “এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই। পুরো ঘটনাটাই ভিত্তিহীন। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সব সময় মারামারির কথা বলেন। সেই দলের থেকে কি আশা করা যায়? বাইরের থেকে হার্মাদ বাহিনী এনে নিজেরাই এসব করিয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।”



