কেন্দ্র পাণ্ডবেশ্বর: লড়াই হবে হুঁশিয়ারি দিলেন বাম প্রার্থী প্রবীর মন্ডল
আমার কথা, ১৭ মার্চ
সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:

পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল। তৃণমূল বিজেপির পাশাপাশি এই কেন্দ্রে রয়েছে সিপিএম প্রার্থী প্রবীর মন্ডল। বিরোধী প্রার্থীদের সাথে লড়াই হবে সমানে সমানে বলে হুঁশিয়ারি দিলেন তিনি।
এক সময় পাণ্ডবেশ্বর এলাকা ছিল বামেদের শক্ত দুর্গ হিসাবে পরিচিত। এমন কি ২০১১ সালে পরিবর্তনের সময়ও এই কেন্দ্রটি ধরে রেখেছিল সিপিএম। সেবার স্রোতের বিরুদ্ধে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জিতেছিলেন সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। তবে ২০১৬ সালে আসনটি হাত ছাড়া হয় সিপিএমের। সেবার গৌরাঙ্গ বাবুকে পরাজিত করে জয়ী হন তৃণমূল প্রার্থী জিতেন্দ্রনাথ তেওয়ারি। ২০২১ সালে এই কেন্দ্রটি থেকে জয়লাভ করেন তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তী। তবে দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে যাই সিপিআইএম। প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পর সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ও সিপিআইএম। পাণ্ডবেশ্বর কেন্দ্রে বিজেপি ভরসা রেখেছে গতবারের প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির ওপর। অন্যদিকে জোট প্রার্থী হিসেবে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইএমের প্রবীর মন্ডল (তুফান )।
উল্লেখ্য জেলার বাম রাজনীতিতে প্রবীরবাবু পরিচিত নাম। লড়াকু শ্রমিক নেতা হিসেবে রয়েছে পরিচিতি। বর্তমানে শ্রমিক সংগঠন সিআইটিউ জেলা সম্পাদক পদের পাশাপাশি দলের জেলা কমিটির সদস্যও তিনি। কাজোরার বাসিন্দা হলেও পাণ্ডবেশ্বর তার রাজনৈতিক কর্মক্ষেত্র। সেই সূত্রে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকা তার হাতের তালুর মতোই চেনা। মঙ্গলবার প্রবীরবাবু বলেন আমাদের কাছে ব্যক্তির চেয়ে দল বড়। দল দায়িত্ব দিলে সেই দায়িত্ব পালন করতে আমরা বদ্ধপরিকর। দলই আমাকে পার্টি করেছে তাই দলের কাছে আমি কৃতজ্ঞ। তিনি বলেন আমাদের লড়াই এলাকায় গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। ভেঙ্গে পড়া শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধার, বেকারদের কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এগুলো আমরা প্রচারে তুলে ধরব। পাশাপাশি তিনি বলেন সাম্প্রদায়িকতা ও দুর্নীতির বিরুদ্ধেও আমাদের লড়াই। প্রবীর বাবু বলেন কেউ যদি ভাবে এখানে তৃণমূল আর বিজেপির মধ্যে লড়াই হবে! তাহলে তাদের সেই ধারণা ভুল। লড়াইয়ে আমরাও আছি। কারণ তৃণমূল বিজেপির জনবিরোধী নীতির কারণে মানুষের নাজেহাল অবস্থা। মানুষ এর থেকে মুক্তি চাইছে । ভোটের বাক্সে এর প্রতিফলন ঘটবে।



