মহারাষ্ট্রে বাংলাদেশী বলে হেনস্থা, বাড়ি ফিরে এলেন তিন পরিযায়ী শ্রমিক
আমার কথা, সার্থক কুমার দে, দুর্গাপুর, ৩ জানুয়ারী:
উড়িষ্যা মহারাষ্ট্র ছত্রিশগড় রাজস্থান সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশী বলে নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল সহ বিজেপি বিরোধী অন্যান্য রাজনৈতিক দল গুলি। কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। ভিন রাজ্যে বাংলাভাষীদের নির্যাতন প্রতিনিয়ত ঘটে চলেছে। মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরে নির্যাতনের একই অভিযোগ করলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের ৩ পরিযায়ী শ্রমিক। শনিবার তাদের সাথে দেখা করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মহারাষ্ট্র থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা দেন তারা। দুর্গাপুর ফরিদপুর ব্লকের পলাশবুনি ও শীর্ষা গ্রামের বাসিন্দা তপন বাউরী, সমীর বাউরী ও দিলীপ বাগদি জানান প্রায় চার মাস আগে একটি বেসরকারি খনন সংস্থায় কাজ করতে তারা মহারাষ্ট্র যান। সেখানে তারা বোরিং এর কাজ করতেন। বৃহস্পতিবার ছুটিতে বাড়ি ফেরার জন্য তারা নাগপুর বাস স্ট্যান্ড পৌঁছান। সেখানে তারা নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলছিলেন। সেখানে কয়েকজন স্থানীয় যুবক জড়ো হয়ে তাদের কাছে জানতে চায় তারা কোথাকার বাসিন্দা। উত্তরে পশ্চিমবাংলার বাসিন্দা বলায় বাংলাদেশী বলে ওই যুবকরা তাদের উপর চড়াও হয়। মারধর করার পাশাপাশি টাকা পয়সা কেড়ে নেওয়া হয় তাদের কাছ থেকে। বাংলাদেশী নয় পশ্চিমবাংলার বাসিন্দা বারবার বলা সত্ত্বেও তাদের উপর নির্যাতন করা হয়। এরপর কোনক্রমে ছাড়া পেয়ে সেখান থেকে শুক্রবার বাড়ি ফেরে ওই দিন পরিযায়ী শ্রমিকরা। নির্যাতনের কথা স্থানীয়দের জানান তারা। ঘটনার কথা জেনে শনিবার তাদের বাড়ি তাদের সাথে কথা বলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে পশ্চিমবাংলার পরিচয়দের হেনস্থা করা হচ্ছে। তীব্র ভাষায় আমরা এর নিন্দা জানাচ্ছি। বাড়ি ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি বাড়ি ফেরা তিন পরিযায়ী কে এলাকাতেই কাজের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।



