বেহাল রাস্তার কারনে উল্টে গেল টোটো, জখম ৬ পড়ুয়া
আমার কথা, পান্ডবেশ্বর, ১৬ আগস্টঃ
সংবাদদাতাঃ সার্থক দে
বেহাল রাস্তায় টোটো উল্টে আহত হল ৬ জন পড়ুয়া। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর ফুলবাগান থেকে রেল স্টেশন যাওয়ার পথে পোস্ট অফিস মোড় সংলগ্ন রাস্তায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন বেলা দেড়টা নাগাদ পাণ্ডবেশ্বরের একটি কোচিং সেন্টার থেকে টিউশন পড়ার পর ৬ জন পড়ুয়া একটি টোটো করে বাড়ি ফিরছিল। টোটো টি পোস্ট অফিস মোড়ের কাছে রাস্তায় উল্টে যায়। টোটো থেকে পড়ে আহত হয় ওই ৬ জন পড়ুয়া। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাণ্ডবেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই চিকিৎসার জন্য। আহত পড়ুয়ারা দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকার নতুনডাঙ্গা, লস্করবাঁধ, বনগ্রাম এলাকার বাসিন্দা বলে জানা যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে। বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ পোস্ট অফিস মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা রাস্তাটি বর্ষায় জলাশয়ের আকার নিয়েছে। প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটে রাস্তার বেহাল অবস্থার জন্য। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশের সামনেও স্থানীয়রা ক্ষোভ উগরে দেন। পরে পুলিশের মধ্যস্থতাই পরিস্থিতি স্বাভাবিক হয়।



