নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়ির দেওয়ালে ধাক্কা ট্রাক্টরের
আমার কথা, ৭ জুলাই
তনুশ্রী চৌধুরী, কাঁকসা:
নিত্যদিন দ্রুত গতিতে চলাচল করে বালি বোঝাই ট্রাক্টর, যার কারণে দুর্ঘটনার আশঙ্কা লেগেই থাকে। সেই আশঙ্কাই এবার সত্যি হলো কাঁকসার শোকনা গ্রামে। গত কয়েকদিন আগেই গ্রামের মানুষ বেপরোয়া ভাবে বালি বোঝাই ট্রাক্টর চলাচল রুখতে আন্দোলন করে বহু ট্রাক্টর আটকেছিল। অভিযোগ ছিল গ্রামের রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে ট্রাক্টর চলাচল বন্ধ করতে হবে। কারণ যে কোনো সময়েই ঘটতে পারে দুর্ঘটনা। গ্রামবাসীদের সেই আশঙ্কাই এবার সত্যি হয়। মঙ্গলবার একটি খালি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এক ব্যক্তির বাড়ির দেওয়ালে।দেওয়ালের কিছু ক্ষতি না হলেও মাটির বাড়ির চালের কয়েকটা এডবেষ্টর ভেঙে যায়। বিপজ্জনক ভাবে মাটির বাড়ির দেওয়ালে হেলে থাকে ট্রাক্টরটি। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থির সামাল দেয়।
গ্রামবাসীদের দাবি,প্রশাসন এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করুক, যাতে গ্রামের রাস্তা দিয়ে দ্রুত গতিতে ভারী যানবাহন চলাচল না করে।



