তৃণমূলের পতাকা ভাসছে নর্দমায়, শাসক বিরোধীর দোষাদুষিতে সরগরম শিল্পাঞ্চল
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১১ জানুয়ারী:
বিধানসভা নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। তৃণমূলের দলীয় পতাকা নর্দমায় ফেলে দিয়ে সংকল্প সভার প্রস্তুতি নিচ্ছিল বিজেপি এই অভিযোগ তুলে সরব তৃণমূল। চরম উত্তেজনা দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ বাগানপাড়ায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল ঢাকতে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে পাল্টা অভিযোগ বিজেপির। তৃণমূল কর্মীদের অভিযোগ , বিজেপির কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে দেয়। রবিবার সকলেই নজরে আসে এলাকার মানুষের। তারপরেই তৃণমূলের কর্মী সমর্থকরা সরব হয়। তৃণমূলের প্রাক্তন পুরপিতা পল্লব নাগ ও সুশীল চ্যাটার্জী বলেন,”তৃণমূল কর্মীরা চাইলে আধ ঘন্টায় প্রতিরোধ করতে পারে। কিন্তু আমরা নোংরা রাজনীতি করি না। তবে যারা এইরকম ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।” পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন,”তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ধারাবাহিকভাবে চলছে। নিজেরাই নিজেদের দলীয় পতাকা নর্দমায় ফেলে দিয়েছে। আর উত্তেজনা ছড়াতে বিজেপির নামে দোষ দেওয়া হচ্ছে। এটা তৃণমূলের দীর্ঘদিন ধরেই কালচার।”



