BREAKING! এলাকায় সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি
আমার কথা, ২৮ মে
সনাতন গরাই, দুর্গাপুর:
রাতের অন্ধকারে গোপন বৈঠক করতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে পাকড়াও তৃণমূলের ব্লক সভাপতি। পরে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার গভীর রাতে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের ইস্পাত নগরীর তানসেন এলাকায়। ধৃত তৃণমূল নেতা হলেন দুর্গাপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজিব ঘোষ। বিজেপি নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজিব ঘোষের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস সৃষ্টি, সাধারণ মানুষকে ভয় দেখানো, রাজনৈতিক প্রতিহিংসা এবং বিরোধী কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে। বিজেপির দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে এলাকায় একাধিক বিজেপি সমর্থককে ঘরছাড়া করা, হুমকি দেওয়া এবং টাকা তোলার মতো ঘটনায় তাঁর নাম জড়িয়েছে।অভিযোগ, বুধবার রাতে রাজিব ঘোষ গোপনে ইস্পাত নগরীর তানসেন এলাকায় বিজেপির এক নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে ওই বিজেপি নেতা দলের কর্মীদের খবর দেন। এরপরই বিজেপি কর্মীরা এলাকায় জড়ো হয়ে রাজিব ঘোষকে ঘিরে ফেলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজিব ঘোষকে আটক করে থানায় নিয়ে যায়।ঘটনার পর বিজেপির দুর্গাপুর ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক দিব্যেন্দু গায়েন বলেন, “২০২১ সালের ২ মে-র পর এলাকায় বহু বিজেপি কর্মীর উপর অত্যাচার হয়েছে। অনেককে ঘরছাড়া করা হয়েছে, অনেকের কাছ থেকে টাকা তোলা হয়েছে। সেই সব ঘটনায় রাজিব ঘোষের নাম উঠে এসেছে। এখন পরিস্থিতি বদলাতে দেখে বিজেপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। কিন্তু বিজেপিতে ওদের কোনও জায়গা নেই। আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি, পুলিশ ব্যবস্থা নিয়েছে।” যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।



