তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারকে কালিমালিপ্ত করার চেষ্টার অভিযোগ
আমার কথা, ২২ মার্চ
সনাতন গরাই, কাঁকসা:
দুর্গাপুর পূর্ব বিধানসভার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের কুনুর নদীর ধারের শ্মশান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ভুয়ো অভিযোগ ছড়ানো হয়েছে এমনটাই দাবি তৃণমূল নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ তোলা হয়েছিল, শ্মশানে যাওয়ার কোনো রাস্তা নেই, নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থাও। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এমনটাই স্পষ্ট করে জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের কথায়, শ্মশানে যাওয়ার জন্য রয়েছে সুসংহত পাকা রাস্তা, আর আলোর ব্যবস্থাও রয়েছে, যেখানে বিজেপি সাংসদের উদ্যোগে বসানো হয়েছে সোলার লাইট। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। স্থানীয়দের বক্তব্য, রাজনৈতিক স্বার্থে মিথ্যা প্রচার চালিয়ে মানুষের মনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। তাঁদের দাবি, উন্নয়নের কাজকে অস্বীকার করে শুধুমাত্র অপপ্রচার চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এলাকার মানুষের সুর একটাই, “যা আছে, সেটাকেই বিকৃত করে দেখানো হচ্ছে কেন?”
এই প্রশ্নেই এখন উত্তাল মলানদিঘী। সত্য সামনে আসায় মিথ্যা প্রচারের বিরুদ্ধে সরব সাধারণ মানুষ, আর সেই সঙ্গেই রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে নতুন চাপানউতোর।




