জনসংযোগ কর্মসূচিতে চাটাই মিটিংয়ে জোর তৃণমূলের
আমার কথা, ২ এপ্রিল
সার্থক কুমার দে, অন্ডাল:
নির্বাচনী প্রচারে বাড়ি বাড়ি জনসংযোগের পাশাপাশি পাড়ার লোকজনকে নিয়ে চাটাই মিটিং কর্মসূচিতে জোর দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস । এই কর্মসূচিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি নেতৃত্বের ।
২৩ এপ্রিল প্রথম দফাতে ভোট হবে পশ্চিম বর্ধমান জেলায় । চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া । প্রার্থী তালিকা ঘোষণার পরেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছে শাসকবিরোধী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো । প্রার্থীদের নিয়ে রোড শো, বাড়ি বাড়ি প্রচার যেমন চলছে তেমন স্থানীয় স্তরে বিভিন্ন কৌশলে প্রচার চালাচ্ছে বিভিন্ন দলের নেতা কর্মীরা । রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচির ওপর । এই কর্মসূচিতে স্থানীয় স্তরে করা হচ্ছে বাড়ি বাড়ি প্রচার ও চাটাই বৈঠক । কর্মসূচি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে অঞ্চল কমিটি গুলিকে । যারা মাথার ওপর নজর রাখছে অঞ্চল সভাপতিরা । রানীগঞ্জ পৌর সভার কয়েকটি ওয়ার্ড ও অন্ডাল ব্লকের আটটি পঞ্চায়েত এলাকা নিয়ে রানীগঞ্জ বিধানসভা । ভোট প্রচারে শাসকদলের কর্মীরা এলাকার প্রতিটি সংসদে যেমন বাড়ি বাড়ি যাচ্ছেন তেমনি পাড়ার কোন একটি জায়গায় চাটাই পেতে বসে স্থানীয়দের সঙ্গে বৈঠক করছেন তারা । এই কর্মসূচিতে তুলে ধরা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা । প্রকল্পের সুবিধা কারা পাচ্ছেন আর কারা পাচ্ছেন না, সেটাও যেমন জানতে চাওয়া হচ্ছে তেমনই পাড়ার উন্নয়নমূলক কাজ কী হয়েছে, কী কাজের প্রয়োজন রয়েছে তাও স্থানীয়দের কাছ থেকে জানতে চাইছেন দলের কর্মীরা । এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা শাসকদলের ব্লক সভাপতি কালোবরন মন্ডল বলেন প্রতিটি সংসদে জনসংযোগ কর্মসূচিতে বাড়ি বাড়ি প্রচার ও চাটাই বৈঠক করা হচ্ছে । এই কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। প্রতিটি পাড়াতেই পুরুষদের পাশাপাশি বেশি সংখ্যক মহিলারা এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন । চাটাই মিটিং এর সাফল্য ভোট বক্সে পড়বে বলে আশা তৃণমূল নেতৃত্বের ।




