তৃণমূলের ব্যানার ‘উধাও’, বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
আমার কথা, ২৪ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে দেওয়া ব্যানার উধাও হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পশ্চিম বিধানসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডের কাইজার গলি এলাকায় এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তাদের প্রার্থী কবি দত্তের সমর্থনে এলাকায় একাধিক ব্যানার লাগানো হয়েছিল। কিন্তু মঙ্গলবার ভোরবেলা স্থানীয় কর্মী-সমর্থকেরা এলাকায় গিয়ে দেখেন, সেই ব্যানারগুলি রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। তাদের দাবি, এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে বিরোধীদের চক্রান্তের ফল। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিরোধীরা রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং আসন্ন নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ভীত। সেই কারণেই এ ধরনের নাশকতামূলক কাজের আশ্রয় নেওয়া হচ্ছে। এ বিষয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে। প্রয়োজনে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথাও ভাবা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তারা।অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে জনসমর্থন ক্রমশ কমছে এবং নির্বাচনে তারা হেরে যেতে পারে। সেই কারণেই সহানুভূতি আদায় করতে এবং রাজনৈতিক ফায়দা তুলতে এমন ‘মিথ্যা নাটক’ সাজানো হচ্ছে। বিজেপির মতে, এই ঘটনায় তাদের কোনো ভূমিকা নেই এবং তৃণমূলই ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে”।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। স্থানীয় বাসিন্দারাও পরিস্থিতির দিকে নজর রাখছেন। এখন দেখার বিষয়, প্রশাসন এই ঘটনার কী তদন্ত করে এবং প্রকৃত সত্য সামনে আসে কি না।



