অষ্টমঙ্গলার জন্য দিদিকে নিতে এসে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের
আমার কথা, ১৫ মার্চ
সার্থক কুমার দে, অন্ডাল:
দিদির শশুর বাড়ি এসে পুকুরে ডুবে মৃত্যু হল দুই যুবকের। রবিবার ঘটনাটি ঘটে অন্ডাল থানার ভাদুর গ্রামে। মৃত দুই যুবক তার দিদিকে অষ্টমঙ্গলার জন্য নিতে এসেছিল বলে খবর।
রবিবার দুপুরে অন্ডালের ভাদুর গ্রামে জলে ডুবে মৃত্যু হয় সায়ন দাস মোদক (২৪) ও সুপ্রিয় দাস (২৬) মোদক নামে দুই যুবকের। মৃত দুই যুবকের বাড়ি পুরুলিয়া টাউনে। স্থানীয় সূত্রে জানা গেছে দিন কয়েক আগে পুরুলিয়া টাউনের বাসিন্দা শ্রেয়া দাস মোদকের বিয়ে হয় অন্ডালের ভাদুর গ্রামের ঘোষ পাড়ার রোহিত ঘোষের সাথে। আগামী সোমবার তাদের অষ্টমঙ্গলা হওয়ার কথা। সেই কারণে রবিবার শ্রেয়া দাস মোদকের দুই ভাই সায়ন ও সুপ্রিয় দিদি জামাইবাবুকে নিতে অন্ডাল আসে। এদিন বেলাতে স্নান করার জন্য জামাইবাবুর সাথে তারা পার্শ্ববর্তী কালীপুর আওতা পুকুরে যায়। সেই সময় পা হড়কে সায়ন ও সুপ্রিয় জলে তলিয়ে যায়। স্থানীয়রা পুকুরের জলে নেমে একজনকে উদ্ধার করতে সক্ষম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় দ্বিতীয় জনের খোঁজে শুরু উদ্ধার কাজ। কিছুক্ষণ পর দ্বিতীয় জনকেও উদ্ধার করে উপরে আনা হয়। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করা করেন চিকিৎসকরা। আকর্ষিক দুই যুবকের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।



