কোলিয়ারীর নিরাপত্তা রক্ষীর ঝুলন্ত দেহ উদ্ধার
আমার কথা, অণ্ডাল, ৭ মার্চ:
বন্ধ ঘর থেকে উদ্ধার হল বাচ্চু ভূঁইয়া (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ। গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেহটি উদ্ধার হয়। সিঁদুলি কোলিয়ারির ৪ নম্বর এলাকার ঘটনা। মৃত ব্যক্তি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন বলে খবর। মৃত ব্যক্তির ভাই প্রদীপ ভূঁইয়া বলেন বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফিরে এসে দাদা ঘরের মধ্যে ঢোকে, দীর্ঘক্ষন ঘর থেকে না বেরোনোয় মা ডাকাডাকি শুরু করে, কোন সাড়াশব্দ না পেয়ে আমরা জানালা দিয়ে দেখি ঘরের সিলিং এর সাথে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলছে দাদা। প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙ্গে অচৈতন্য অবস্থায় দাদাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। শুক্রবার মৃত ব্যক্তির দেহ সৎকার সম্পূর্ণ হয় । মৃত্যুর কারণ জানতে অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির এক আধিকারিক ।



