বাড়ছে জলের স্তর, ব্যারেজ পরিদর্শনে মন্ত্রী
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৫ অক্টোবর :
দামোদর নদে জলস্তর বাড়তেই দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে গেলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। ঝাড়খন্ড ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির প্রভাবে দামোদর নদে জল বাড়ছিল। দামোদর ভ্যালি কর্পোরেশনের মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু হতেই দুর্গাপুর ব্যারেজেও জলের চাপ বৃদ্ধি পায়। চাপ কমাতে ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া শুরু হয়। রবিবার সকাল থেকে ৭১,৭২৫ কিউসেক হারে জল ছাড়া হয়। রবিবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে যান রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বিসর্জন ঘাট এবং ব্যারেজের চতুর্দিক ঘুরে দেখেন। নিজের মোবাইল দিয়ে ব্যারেজের বিভিন্ন জায়গায় ছবিও তোলেন তিনি।
পরিদর্শন শেষে রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন,”দামোদর ভ্যালি কর্পোরেশন রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে। সেই জন্যই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। দুর্গাপুর ব্যারেজ দেখতে গিয়েও আমি দেখলাম মাঝে মাঝে বালির চর হয়ে গেছে। সেখানে গাছের জন্ম হয়েছে। তাহলে বুঝতেই পারছেন কতটা অব্যবস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন কর্তৃপক্ষের।”



