১০ দিনের মধ্যে ভেঙ্গে পড়ল রিজার্ভার, অল্পের জন্য প্রাণে বাঁচলো ২ কিশোর
আমার কথা, পান্ডবেশ্বর, ২৭ মে:
ভেঙ্গে পড়ল জলের রিজার্ভার, দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণ বাঁচল দুই কিশোরের। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার ফলেই দুর্ঘটনা বলে অভিযোগ। ঘটনাটি ঘিরে ক্ষোভ তৈরি হয় স্থানীয়দের মধ্যে। পাণ্ডবেশ্বরের জোয়ালভাঙ্গা গ্রামের ঘটনা।
ইসিএলের বাঁকোলা এরিয়ার জলভাঙ্গা প্যাচ সংলগ্ন বাউড়ি পাড়ায় বাসিন্দাদের সুবিধার জন্য সম্প্রতি কর্তৃপক্ষের উদ্যোগে তৈরি করা হয়েছিল একটি জলের রিজার্ভার। ২০ হাজার কিউবিক জল ধারণ ক্ষমতা সম্পন্ন রিজার্ভারটি তৈরি করতে খরচ হয় সাড়ে চার লক্ষ টাকা। স্থানীয়রা জানান স্নান সহ অন্যান্য কাজে ব্যবহারের জন্য রিজার্ভারটি তৈরি করা হয়। দিন ১০ আগে সেটি নির্মাণের কাজ সম্পূর্ণ হয়। সোমবার রিজার্ভারে জল ভরা হয়। মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ রিজার্ভারের এক দিক হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙ্গে পরে। ঘটনার সময়ে সেখানে বছর ১৪-র দুই কিশোর স্নান করছিল। অল্পের জন্য প্রাণ বাঁচে দুই কিশোরের বলে জানান প্রত্যক্ষদর্শিরা। কিশোর বুধো বাউরি বলে আমরা দু’জন স্নান করছিলাম। হঠাৎ রিজার্ভার এর ভেতর থেকে থেকে বিকট শব্দ হতে শুরু করে। কয়েক মুহূর্ত পরে ভেঙ্গে যায় সেটি। সেখান থেকে আমরা দ্রুত সরে যায়। সময় মত সেখান থেকে সরে না আসছে পারলে দেওয়াল চাপা পড়ে যেতাম বলে জানায় আতঙ্কিত কিশোর। ঘটনার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ বাসিন্দারা সংশ্লিষ্ট খনির কয়লা পরিবহনের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। কিছুক্ষণ পর সেখানে পৌঁছাই সংশ্লিষ্ট খনির প্রজেক্ট ম্যানেজার সঞ্জয় মজুমদার। তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। সঞ্জয়বাবু বলেন খুবই দুঃখজনক ঘটনা। যে ঠিকাদার কাজটি করেছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থার নেওয়া হবে। তাকে ব্ল্যাক লিস্ট করা হবে। দ্রুত বিকল্প রিজার্ভার তৈরি করে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।



