ডাম্পারের ধাক্কায় যুবকের মৃত্যু, সাত সকালে পথ অবরোধ স্থানীয়দের
আমার কথা, ১৮ জানুয়ারী
সার্থক কুমার দে, লাউদোহা:

ডাম্পারের ধাক্কায় যুবকের মৃত্যু ঘিরে ছড়ালো উত্তেজনা। রবিবার সকালে ঘটনাটি ঘটে সরপি মোড়ে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরে পুলিশ এসে সামলায় পরিস্থিতি।
রবিবার সকাল সাড়ে ৬:৩০ টা নাগাদ উখড়া মাধাইগঞ্জ রোডের সরপি মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পরিতোষ রুইদাস (২২) নামে এক যুবকের। প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তা পারাপার করছিল পরিতোষ। সেই সময় উখরার দিক থেকে একটি ১৬ চাকার ডাম্পার তাকে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পরিতোষের। দুর্ঘটনার খবর চাউর হতেই সেখানে ভিড় জমায় প্রচুর মানুষ। ক্ষতিপূরণ ও যাননিয়ন্ত্রণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেন অবরোধকারীরা। প্রায় ঘন্টা দুয়েক চলে বিক্ষোভ। এর মধ্যেই সেখানে উপস্থিত হয় আরো পুলিশ। আসেন সিএই পিন্টু মুখার্জি, স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূলের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক সহ অন্যরা। দীর্ঘক্ষণ পরে তাদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। অবরোধ উঠলে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। মৃত পরিতোষের বাড়ি সরপি গ্রামে। তার এক আত্মীয় জানান এদিন সকালে বাড়িতে চা খেয়ে মোরের দিকে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়। তারপরই জানতে পারি দুর্ঘটনার কথা। স্থানীয়দের অভিযোগ এই এই রাস্তা দিয়ে বিভিন্ন ফ্যাক্টরি ও কারখানায় বড় গাড়ি যাতায়াত করে। যান নিয়ন্ত্রণের দাবি জানান তারা।



