কর্মস্থল থেকে ফেরা হল না বাড়ি, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাক্তির
আমার কথা, কাঁকসা, ২০ মেঃ
রাতের অন্ধকারে পথের ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারটি দেখতে না পেয়ে সোজা ধাক্কা, আর ক্ষণিকের মধ্যে সব শেষ। ফেরা হল না আর বাড়িতে। মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ব্যাক্তি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার অন্তর্গত ৪ মাইল এলাকায়।
পুলিস সুত্রে জানা গিয়েছে, ফরিদপুর (লাউদোহা) থানার অন্তর্গত ধবনী এলাকার বাসিন্দা অভিজিৎ মুখোপাধ্যায়(৪০) পানাগড় শিল্পতালুকে একটি বেসরকারী কারখানায় কাজ করতেন। সোমবার রাতে পানাগড় রাজ্য সড়ক ধরে কর্মস্থল থেকে বাড়ি ফরছিলেন। ৪ মাইলে ধোবারু জঙ্গলের ধারে রাস্তার ধারে একটি বিকল ট্রেলার দাঁড়িয়ে ছিল। রাত ৯টা নাগাদ তখন বৃষ্টি পড়ছিল। অভিজিতবাবু বৃষ্টি ও অন্ধকারের কারনে ট্রেলারটি দেখতে না পেয়ে সজোরে ট্রেলারের পেছনে ধাক্কা মারে। মাথা ও বুকে প্রচন্ড জোর চোট পান। প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। এদিকে অভিজিতবাবুর কাছে যে পরিচয়পত্র ছিল তা থেকে তাঁর পরিবারের সাথে যোগাযোগ করে দুর্ঘটনার খবর দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। স্থানীয়রা বলেন, জঙ্গলের কারনে এমনিতেই জায়গাটা অন্ধকার থাকে। তাঁর ওপর রাত হয়ে যাওয়াতে সেভাবে লোকজনও থাকে না। প্রচন্ড অন্ধকারের কারনেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের দাবি।



