বন্ধ ঘর থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার
আমার কথা, কাঁকসা, ৪ জুনঃ
ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক তরুণী। ঘটনাটি ঘটেছে কাঁকসার রেলপাড়ে। বুধবার দুপুরে ঘরের ভেতর থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম সায়ন্তী কর্মকার। বয়স ১৮ বছর। এদিন দুপুরবেলা ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায় তার বাবা। পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতালে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়। আগামীকাল দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবার সূত্রে জানা গিয়েছে সকালে সে তার নিজের ঘরেই ছিল। দুপুরে তার বাবা বাড়ি ফিরে তাকে খুঁজে না পেয়ে তার ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। কি কারনে সে আত্মঘাতী হলো তার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।



