গ্রাহক সেজে সোনার গয়না নিয়ে চম্পটের চেষ্টা, জনতার তৎপরতায় ধৃত যুবক
আমার কথা, ৬ জুলাই
সার্থক কুমার দে:
গ্রাহক সেজে সোনার দোকানে ঢুকে নাকের নথ হাতিয়ে পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হল না। স্থানীয় বাসিন্দা ও পুলিশের যৌথ তৎপরতায় ধরা পড়ল অভিযুক্ত যুবক। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ অন্ডাল মোড়ের কুন্ডু মার্কেটে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে এক যুবক গ্রাহক পরিচয় দিয়ে বাজারের একটি সোনার দোকানে প্রবেশ করে। সে দোকান মালিকের কাছে নাকের নথ দেখতে চায়। দোকান মালিক একটি সোনার নথ তার হাতে দিতেই আচমকা সেটি নিয়ে দোকান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে ওই যুবক। ঘটনা বুঝতে পেরে দোকান মালিক চিৎকার করলে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধাওয়া করেন। পালাতে গিয়ে কিছু দূরে একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে সে। খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । পরে পুলিশ ও স্থানীয় মানুষের যৌথ অভিযানে ঝোপের ভিতর থেকে অভিযুক্তকে আটক করা হয়।
তল্লাশিতে তার কাছ থেকে চুরি হওয়া সোনার নাকের নথ উদ্ধার হয়। পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে চুরির চেষ্টার অভিযোগে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দিনদুপুরে জনবহুল বাজার এলাকায় এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা।



