বালি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, তুমুল উত্তেজনা
আমার কথা, পান্ডবেশ্বর, ১৯ এপ্রিলঃ
পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড পান্ডবেশ্বরের সিনেমাহল মোড় এলাকায়। পথ অবরোধ করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, পান্ডবেশ্বরের সিনেমাহল মোড় এলাকায় শুক্রবার রাত ৯টা ৪৫ নাগাদ একটি বালি বোঝাই লরিতে ধাক্কা লাগে প্রসেনজিৎ মুখোপাধ্যায়(২৯) নামে এক যুবকের। প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রসেনজিৎ আচমকাই ওই লরির সামনে চলে আসে। ধাক্কা লেগে রাস্তার ওপর পরে যায় সে। লরির পিছনের চাকা প্রসেনজিতের মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। খবর পেয়ে আসে পান্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশকে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁরা ক্ষতিপূরণ দাবি করে। সাথে তাঁদের অভিযোগ, ওই রাস্তা দিয়ে বেপরোয়াভাবে নিত্যদিন বালির গাড়িগুলি যাতায়াত করে। ফলে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। প্রায় আধ ঘন্টা ধরে চলে এই অবরোধ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।
এদিকে ঘটনার পর গাড়ি ছেড়ে চম্পট দেয় চালক ও খালাসী। পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে সুত্র মারফত জানা গিয়েছে, পান্ডবেশ্বরের উপরপাড়ার বাসিন্দা প্রসেনজিৎ বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল। ফলে প্রশ্ন উঠছে তাহলে কি প্রসেনজিৎ আত্মঘাতী হয়েছে নাকি এটি নিছকই দুর্ঘটনা? পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।



