কুড়ুলের কোপে মৃত্যু যুবকের, গ্রেফতার অভিযুক্ত
আমার কথা, ২ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুরের পলাশডিহায় কুড়ুলের কোপে যুবকের মৃত্যু। অভিযুক্ত গ্রেফতার।
পলাশডিহা এলাকায় প্রতিবেশীদের মধ্যে বিবাদের জেরে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানা এলাকার অন্তর্গত পলাশডিহায়। স্থানীয় সূত্রে জানা যায়, যুধিষ্ঠির মাহাতো ও বিজয় টুডু নামে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোল বাধে। সেই সময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে গোপাল দাস(৩০) নামের এক যুবক মাঝখানে পড়ে যান। অভিযোগ, বিজয় টুডু কুড়ুল দিয়ে গোপাল দাসের মাথায় কোপ মারেন। গুরুতর জখম অবস্থায় গোপাল দাসকে দ্রুত দুর্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল-এ স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত বিজয় টুডুকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।



